সিরাজগঞ্জের তাড়াশে হাতির পিঠে চড়ে বিজয় মিছিল করলেন নবনির্বাচিত এক ইউপি সদস্য।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নং হামকুরিয়া ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ইব্রাহিম হোসেন মৃধা এ বিজয় মিছিল করেন।
তিনি বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি শত শত কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুটি হাতি ও একটি ঘোড়ার গাড়ি, অটোভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়ে বিজয় মিছিল করেন। এ গ্রামের নারী-পুরুষ একসঙ্গে ব্যতিক্রমী এ আনন্দ মিছিলে মেতে ওঠেন। চলে রঙ ছড়ানোর উৎসব, আর স্লোগান এবং গানের সুরে মুখরিত হয় ওই এলাকা।
নবনির্বাচিত ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা বলেন, আমাকে আমার ভোটাররা ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। বিজয়ের আনন্দ বাড়াতে আমি ও আমার কর্মীরা মিলে এ আয়োজন করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম