ঢাকা: দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার নাগালে রাখার দাবিতে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ চলছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে পূর্ব ঘোষিত এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। পরিচালনা করছেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
এছাড়া উপস্থিত রয়েছেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, কৃষকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, অ্যাডভোকেট নাসির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, মামুনুর রশীদ খান, কর্নেল (অব.) এস এম ফয়সাল, খন্দকার নাসিরুল ইসলাম, প্রকৌশলী মো. দৌলতুজ্জামান আনছারী, আ ন ম খলিলুর রহমান, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষিবিদ ইউনুস আলী প্রমুখ।
এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে কৃষকদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়েছেন।
দ্রব্যমূল্য কমানো ও সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে টিসিবি পণ্য বিক্রয়ের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তারই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। ২ মার্চ জেলা শহরে, ৫ মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করেছে।
গত ৬ মার্চ ছাত্রদল জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে একই দাবিতে সমাবেশ করেছে। ৮ মার্চ যুবদল ও ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল সমাবেশ করে।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার সর্বক্ষেত্রে চরম দুর্নীতি করছে। যার ইফেক্ট বাজারে পড়ছে। এর প্রতিবাদে আমরা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করলাম। এরপর আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম