
গাজীপুরের শ্রীপুরে কতৃর্পক্ষের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করার দায়ে তিনটি হাসপাতালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান চালানো হয়। অভিযান শেষে নিবন্ধন না থাকার কারণে দুটি হাসপাতালের কার্যক্রম বন্ধ এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধনের জন্য একটিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভুষণ দাস ও পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের নির্দেশ মোতাবেক শ্রীপুর উপজেলার হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাওনা পপুলার মেডিকেল সেন্টার ও আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও মাওলা পপুলার মেডিকেল সেন্টার দুটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছিল। কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তারা নবায়ন করার জন্য আবেদন করেছে। কিন্তু নবায়ন হওয়ার আগেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। স্বল্প জনবল ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় প্রতিষ্ঠানটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তরিকুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ৭২ ঘন্টার মধ্যে সারা দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়। তাই আগামী দুই দিনের মধ্যে শ্রীপুরের অনিবন্ধিত সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধের নির্দেশ দেওয়া দুটি প্রতিষ্ঠান আবারো তাদের কার্যক্রম পরিচালনা করলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডা. প্রণয় ভুষণ দাস জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় উপজেলার প্রত্যেকটি হাসপাতালের কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রশাসন সবসময়ই সজাগ রয়েছে। যেসব হাসপাতাল সরকারি নির্দেশনা মেনে পরিচালনা করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম