পাবনার ঈশ্বরদীতে বালু চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী সাঁড়া ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো সাঁড়া ৫ নম্বর ঘাট এলাকার হাসান আলীর ছেলে জিহাদ হোসেন (১০) ও একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে হিমেল (৯)। তারা দুজনই সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানান, সাঁড়া ঘাটের ব্লকপাড়ার পদ্মা নদীর তীরে বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর স্তূপের নিচে খেলছিল জিহাদ ও হিমেল। বৃষ্টিতে বালুর স্তূপ ভেঙে দুজনের ওপর পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে গিয়ে বালুর স্তূপে পা বের হয়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম পাবনা পোস্টকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকরা তাদের মৃত অবস্থায় পান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম