লালপুরে বিএনপি নেতার আটক ঘটনায় সড়ক অবরোধ
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার :
নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ তিন জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় আটকদের মুক্তির দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা।
শনিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় লালপুর থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লালপুর ত্রিমোহনীতে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। এর ফলে (লালপুর-গোপালপুর), (লালপুর-বাঘা) ও (লালপুর-ঈশ্বরদী) সড়কে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আটকরা হলেন, লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালপুর কলোনি গ্রামের মৃত আনেজের ছেলে খোকন খাঁ (৫০), তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)। তাদের পরিবারের অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী বাড়ি ঘিরে ফেলে, ঘরে ঢুকে তাদের ব্যাপক মারধর করে এবং তুলে নিয়ে যায়। খোকনের স্ত্রী রত্না বেগম বলেন, আমার স্বামী ও দুই সন্তানকে নির্যাতন করে নিয়ে গেছে, আমরা তাদের মুক্তি চাই।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে। আমরা তাদের মুক্তি চাই
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী রাতে তিন জনকে লালপুর থানায় হস্তান্তর করেছে৷ তাদের মুক্তির দাবিতে সমর্থকরা সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম