
ঘনবসতিপূর্ণ পরিবেশেও আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদভাবে পরিচালনা সম্ভব বলে জানিয়েছেন রাশিয়ান পারমাণবিক বিশেষজ্ঞরা।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম ও ঈশ্বরদী প্রেসক্লাবের যৌথ আয়োজনে শনিবার সকালে রূপপুর পারমাণবিক তথ্যকেন্দ্রের হলরুমে “পারমাণবিক শক্তি, উৎপাদন, নিরাপত্তা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ” শীর্ষক এক শিক্ষামূলক লেকচার সেশনের আয়োজন করা হয় ।
লেকচার সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটির পারমাণবিক পদার্থবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপ-প্রধান প্রফেসর আলেকজান্ডার নাখাবভ।

তিনি তার উপস্থাপনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফিজিক্যাল স্টার্ট-আপ, প্যারামিটার যাচাই ও পরীক্ষা, নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, ফিজিক্যাল ও পাওয়ার স্টার্ট-আপ-এর পার্থক্য, রিঅ্যাক্টরের অভ্যন্তরে পারমাণবিক বিক্রিয়া নিয়ন্ত্রণ, ফুয়েল রিলোডিং, এবং বিদ্যুৎকেন্দ্রের নিরবচ্ছিন্ন পরিচালনা ও দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন।

এছাড়া, তিনি পারমাণবিক শক্তিকে “সবুজ ও স্বল্প-কার্বন শক্তি” হিসেবে বৈশ্বিক স্বীকৃতির দিকটিও ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও এইচআর প্রধান মো. আলিউজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু প্রমুখ।
অনুষ্ঠানটি ইমতিয়াজ হুসাইনের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রূপপুর প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আছমা বেগম, বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও গণমাধ্যম ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ, সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম