প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৯:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ২:৩৭ পি.এম
ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঈশ্বরদী পৌরসভা।
রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পৌরসভার উদ্যোগে ফকিরের বটতলা বাজার রোড এলাকায় মশার উৎপত্তিস্থলে মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করে এডিস মশার লার্ভা ধ্বংস ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরুজ্জামান।
“মশার আক্রমণ রোধ করি, আতঙ্ক নয় সচেতনতা ডেঙ্গু নয় সুস্থতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লার্ভা ধ্বংস কার্যক্রম ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব জহুরুল ইসলাম, অন্যান্য কর্মকর্তা ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।
পৌর প্রশাসক মনিরুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন সচেতনতা। নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পানি জমে থাকতে না দেওয়াই এডিস মশা দমনের সবচেয়ে কার্যকর উপায়।
ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশংকায় ঈশ্বরদী পৌরসভা প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় ওষুধ স্প্রে, মশার লার্ভা ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌরসভার কর্মকর্তারা জানান, নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সফলতা অর্জন সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম