
পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত ও ২০১ জন সাধারণ বিদ্যুৎ গ্রাহকের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে ঈশ্বরদীর সাধারণ নাগরিকদের সংগঠন সম্মিলিত নাগরিক জোট।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের হাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারকলিপিটি হস্তান্তর করেন ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের প্রধান সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশসহ জোটের নেতৃবৃন্দ ও সম্মানিত নাগরিকরা।
এ সময় উপস্থিত ছিলেন সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক রাজিবুল আলম ইভান, বিশিষ্ট কলামিস্ট সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্য আশিকুর রহমান লুলু, সাংবাদিক সুমার খান, নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সমন্বয়ক সুলতান মাহমুদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে তারা প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম অবিলম্বে স্থগিত করা, ২০১ জন গ্রাহকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নেসকো নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরের অপসারণ এবং উত্তরাঞ্চল অচল করে দেওয়ার হুমকিদাতা এক মিটার রিডারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নাগরিক নেতারা বলেন, ঈশ্বরদীতে এর আগেও বারবার আন্দোলনের মাধ্যমে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের ঘোষণা দেওয়া হলেও পরে পুনরায় কার্যক্রম শুরু করা হয়। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ মানববন্ধন, প্রতিবাদ সভা ও নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। তখন স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে লিখিতভাবে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও লাগানো মিটারগুলো খুলে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরে তা বাস্তবায়ন হয়নি। বরং আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের নামে মামলা দায়ের করে হয়রানি করা হয়েছে।
সম্মিলিত নাগরিক জোটের নেতারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানাচ্ছি। যদি অবিলম্বে মামলা প্রত্যাহার ও প্রিপেইড মিটার কার্যক্রম বন্ধ না করা হয়, তাহলে ঈশ্বরদীর নাগরিক সমাজ লাগাতার বৃহত্তর আন্দোলন ও আমরণ অনশনে যেতে বাধ্য হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম