
লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটরের ব্যাটারিও জব্দ করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত অর্থাৎ শুক্রবার (১২ জুন) ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে লালপুর থানার দুড়দুড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকালে মো. আমিরুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটক আমিরুল ইসলাম উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা। তিনি আনোয়ার হোসেনের ছেলে।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) শফিকুল ইসলাম জানায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে তার বিরুদ্ধে লালপুর থানার মামলা নং-১০, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম