
নিজস্ব প্রতিনিধি :
নাটোরের লালপুরে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মুক্তার হোসেন (৫২) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন উপজেলার গন্ডবিল গ্রামের মৃত আলিম আলীর ছেলে।
আহতরা হলেন— উধনপাড়া গ্রামের মশিউর রহমান মূসা হকের ছেলে সুমন হক (৩৫), আট্টিকা গ্রামের মৃত সাইদুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৪৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের মৃত বেলায়েতের ছেলে সুমন আলী (৪৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুষ্টিয়ার খোকসা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেট কার উধনপাড়া মসজিদসংলগ্ন এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করার সময় পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় ভ্যানচালক মুক্তার হোসেন, ভ্যানের যাত্রী সুমন হক ও ঝর্ণা বেগম এবং পথচারী সুমন আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রাথমিক চিকিৎসার পর মুক্তার হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুরুজ্জামান শামীম জানান, আহত অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম