
লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ১০৬টি ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন (২৩), লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের বাসিন্দা; উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওহিদুল মোল্লার টিনশেড বাড়ির একটি কক্ষে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।
পরে তাঁদের কাছ থেকে ১০৬টি ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম