লালপুর প্রতিনিধি:
স্বামীর মৃত্যুর পর ছোট্ট একটি চায়ের দোকানকে অবলম্বন করে সংসার চালিয়ে যাচ্ছেন মাতুয়ারা বেওয়া। লালপুরের বিলমাড়ীয়া-ভেল্লাবাড়ীয়া সড়কের চকবাদকয়া মোড়ে ঢোপঘরে চা-বিস্কুট বিক্রি করেই চলছে তাঁর জীবন-জীবিকা।
দোকানটি এতটাই ছোট যে, বসে চা খাওয়ারও জায়গা নেই। দীর্ঘদিন ধরে এই কষ্টের মধ্যেই জীবিকা নির্বাহ করছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মাতুয়ারার দুর্দশার কথা জানতে পেরে দোকানের পাশে পথচারীদের বসার জায়গা তৈরিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আনেজ উদ্দিন। তিনি ঢেউটিন, সিমেন্টের খুঁটি ও নগদ অর্থ সহায়তা দেন।
এ সময় বিলমাড়ীয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাওলানা রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বামীর মৃত্যুর পর একা হাতে সংসারের দায়িত্ব নেওয়া মাতুয়ারার কাছে ছোট্ট এই চায়ের দোকানই এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন। স্থানীয়দের আশা, দোকানের পাশে বসার ব্যবস্থা হলে পথচারীদের সুবিধার পাশাপাশি তাঁর ব্যবসাতেও কিছুটা গতি আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম