লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা। একই সঙ্গে তাঁরা পুনরায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের এমআর মোড়ে আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের কাছে তাঁরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তাঁরা ভবিষ্যতে বিএনপির দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আলী আজগরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন লালপুর উপজেলা ছাত্রদলের সাবেক বন ওপরিবেশবিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সদস্য মান্নাফ হোসেন এবং ইউনিয়ন যুবদলের সদস্য সুরুজ ও নাসির উদ্দিনসহ অন্যরা।
সভায় বক্তারা জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও দলটির বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছিলেন। ওই কর্মকাণ্ডের জন্য তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন বলে জানান। পাশাপাশি ভবিষ্যতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তাঁরা স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়ে পুনরায় দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু বলেন, “তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে দলের কাছে ক্ষমা চেয়েছেন। এ বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা সিদ্ধান্ত নেবেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম