
লালপুর প্রতিনিধি: রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশনায় রাজশাহী, পাবনা, নাটোর, মেহেরপুর ও কুষ্টিয়ার চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে নাটোরের লালপুরে শতাধিক পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) লালপুর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোঃ শরিফুল হক। তিনি বলেন, “লালপুর অঞ্চলে একশোর বেশি পুলিশ সদস্য নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি।”
লালপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং-সংক্রান্ত মামলার ২ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ১ জন এবং পেনাল কোডের মামলার ৩ জন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশিষ লাল ভৌমিক, কামরুল সরদার (৩৫), সুজন ইসলাম (৩০), জুয়েল রানা (৪৪), আকাশ হোসেন (২২), লিখন আহম্মেদ (১৬), নয়ন (৩৬), শাহ আলম (৪৫), মোস্তফা কামাল (৩৫), আজাহার আলী (৫০), পলাশ ইসলাম (২৫), সম্রাট আলী (২৪) ও শাকিল হোসেন (৩৮)। তাঁরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নাটোরের সহকারী পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম, বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এবং লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম