ঢাকাWednesday , 19 August 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুর উপজেলার ইউএনও’র কার্যালয় হট্টগোল, ১৮ জুনা না উল্লেখ করে থানায় এজাহার।

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মারধর, ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে লালপুর থানায় এজাহার দেওয়া হয়েছে।
লালপুর থানায় দেওয়া এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট দুপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে সরকারদলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হন। একপর্যায়ে ৪০ থেকে ৫০ জন ইউএনওর কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এ সময় ইউএনও, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তারা কার্যালয়ে উপস্থিত ছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়, বিক্ষুব্ধরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে নিয়োগের ফলাফল বাতিলের জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে মারধর করে তাঁর শার্ট ছিঁড়ে ফেলা হয়। উপজেলা আইসিটি কর্মকর্তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্রে লাথি মেরে এলোমেলো করার অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া ইউএনওর কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরা বন্ধ করতে চাপ প্রয়োগ এবং একপর্যায়ে ক্যামেরার তার ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে এজাহারে।
এজাহারে আরও বলা হয়, কয়েকজন ব্যক্তি ইউএনওকে ঘিরে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তাঁকে কার্যালয় থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে ভেতরে থাকা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ইউএনওর গায়ে এবং তাঁর কক্ষে ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে বিক্ষুব্ধরা সরকারি কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আবারও জড়ো হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় লালপুর থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!