
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে খালুর বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তামিম (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া গ্রামের মিঠন ও তারজিনা দম্পতির ছেলে। সে বিরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) তামিম উপজেলার বিলমাড়িয়া গ্রামে তার খালু রহমান বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খালাতো ভাই সিয়ামের সঙ্গে বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায় সে। গোসলের একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় তামিম।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুপুর ১টার দিকে নদী থেকে তামিমকে উদ্ধার করা হয়।
