
ফজলুর রহমান,স্টাফ রিপোর্টার! আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসকেন আলী (৪১) নামের একজন গ্রাম পুলিশ (চৌকিদার) স্বপ্ন দেখেন জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করার। তার ২০ বছরের স্বপ্ন পূরণে এবার তিনি নিজের বাড়ির জমি বিক্রি করে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত বুধবার(২২ নভেম্বর) দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আবেদন উত্তোলন করেন এসকেন আলী। তিনি লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে ও লালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।
এবিষয়ে এসকেন আলী বলেন, ভোট আসলেই আমার মনের ভেতর খুব আনন্দ হয়। আমি আগেও দুইবার মেম্বার পদে ভোটে দাঁড়িয়ে ছিলাম। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে পোস্টার ছাপিয়ে ছিলাম। কিন্তু আর্থিক সংকটে ভোট করতে পারিনি। ২০ বছর আগ থেকে খুব স্বপ্ন আমি এমপি ভোট করবো। তাই এবার আমার নিজের বাড়ি করার এক কাটা জমি ছিল। সেই জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবেদনপত্র কিনেছি। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, আমার মত নিরিহ পা ফাটা লোক আমাকে ভোট দিবে। এবং আমি নির্বাচনে জিতবো বলে আমি আশাবাদী। নির্বাচনে জিতলে গরীব-অসহায় মানুষের জন্য কাজ করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
লালপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, ঘটনাটি শুনে আমি রীতিমতো অবাক হয়েছি। কারণ তার আর্থিক অবস্থা খুবই খারাপ। সে ভোট করতে টাকা কোথায় পাবে। সে আগেও কয়েক বার মেম্বার ভোট করে অনেক টাকা খরচ করেছে।
