
লালপুরে আ.লীগের ফেসবুক পোস্টে বিএনপির সদস্য সচিবের অপপ্রচার প্রতিবাদ
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়। মিথ্যা-ভিত্তিহীন এমন পোস্টের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর আওয়ামীলীগের ফেসবুক পেজে আমার নামে মিথ্যা, ভিত্তিহীন ও অবান্তর পোস্ট করা হয়। সেখানে উল্লেখিত ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর। আমি ও আমার দলের নেতাকর্মীরা এসব ঘটনার সাথে সম্পৃক্ত নয় এবং সেগুলোর সমর্থনও করি না।
তিনি আরো জানান, মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য জাতির সামনে উপস্থাপন করে আওয়ামীলীগ এখন গুজবলীগে পরিনত হয়েছে। এধরণের পোস্টের মাধ্যমে তারা সেটা আবার প্রমাণ করলো। পোস্টে উল্লেখিত বিষয়ে আমরা সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি করবো না।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপরে অমানুষিক নির্যাতন-নিপীড়ন ও চাঁদাবাজি করেছে। গত ৫ আগস্টে পট পরিবর্তনের কারণে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আমি সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতার কারণে উপজেলা প্রশাসনের সাথে থেকে মানুষকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে নিবৃত্ত করার আপ্রাণ চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা লালপুরের জনগণ মেনে নেবে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয়প্রতিপন্ন, ভাবমূর্তি নষ্টসহ ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
