
পাবনা শহরের রামচন্দ্রপুর মন্ডলপাড়া ঈদগাহ ময়দানের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও ককটেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ২০২৫ রাত ১১টার দিকে পাবনা থানার একটি টিম রামচন্দ্রপুর মন্ডলপাড়া ঈদগাহ ময়দানের প্রধান গেট সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এসময় দক্ষিণ রামচন্দ্রপুর (বাংলা বাজার হাউসিপাড়া এলাকার জয়নাল ছেলে শরীফ ওরফে ‘গুটে শরীফ’কে আটক করা হয়। তল্লাশিতে তার পরিহিত জিন্স প্যান্টের কোমরের ভেতর থেকে একটি আট চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার উদ্ধার করা হয়, যা ৭টি সচল লিথাল কার্তুজ দ্বারা লোডেড অবস্থায় ছিল। অস্ত্রটির ব্যারেলে ‘MADE IN PAKISTAN’ খোদাই করা আছে। এছাড়া তার ডান পকেট থেকে ৩টি মাঝারি সাইজের ককটেল সদৃশ বস্তু (যার মধ্যে ২টি কালো ও ১টি লাল রঙের কসটেপে মোড়ানো) জব্দ করা হয়।
অভিযান শেষে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পাবনা থানায় ১৮৭৮ সালের আর্মস অ্যাক্টের এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলা দায়ের করা হয়েছে।
