
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর নতুনপাড়া মসজিদ প্রাঙ্গণে সামাজিক সংগঠন জেনাসের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক হৃদয়গ্রাহী পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে জেনাসের চেয়ারম্যান জনাব মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনাসের অন্যতম পৃষ্ঠপোষক ডাঃ মো: হাসান আলী, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির শিক্ষা সম্পাদক হাফেজ মো: সোয়াইফ আহমেদ (ইউসুফ)।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য শিক্ষা বহন করে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি তারা অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজক সংগঠন জেনাসের নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
