ঢাকাFriday , 11 March 2022
আজকের সর্বশেষ সবখবর

হাদিসুরের মরদেহ রোমানিয়ার পথে, দেশে আসতে পারে শনিবার

Link Copied!

শেয়ার করুন...

ঢাকা: রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে শুক্রবার (১১ মার্চ) রাতে রোমানিয়া পৌঁছাবে। সেখান থেকে শনিবার (১২ মার্চ) বা রোববার (১৩ মার্চ) তার মরদেহ দেশে আসতে পারে।

রোমানিয়া ও পোল্যান্ডের সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় হাদিসুর রহমানের মরদেহ নিয়ে একটি ফ্রিজিং কার ইউক্রেন থেকে মলদোভার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। গাড়িটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মলদোভা পৌঁছাবে। সেখান থেকে শুক্রবার রাত ১২টায় তার মরদেহ বুখারেস্টে নেওয়া হবে। শনিবার বা রোববার তার মরদেহ দেশে আসতে পারে।

গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়া নেওয়া হয়। এরপর গত ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়।

ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুর রহমানের মরদেহ আনা সম্ভব হয়নি। তার মরদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছিল।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। জাহাজটির ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল। তবে রুশ হামলার কারণে ২৯ জন নাবিক নিয়ে জাহাজটি ইউক্রেনের বন্দরে আটকা পড়ে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!