
আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) বিকালে ঢাকার আশুলিয়ার জিরোরা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম রুবেল শেখ (৩৫)। তিনি পাবনা জেলার সুজানগর থানার মমরাজপুর গ্রামের আ. রাজ্জাক শেখের ছেলে।
শুক্রবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
ওসি বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে উপজেলার সাহেবগঞ্জ বাজারের জহরুল ইসলাম নামে এক ব্যাবসায়ী নগদ ৯০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার রিচার্জ কার্ড নিয়ে দোকানে এসে দোকানের এক পাশের সাটার খোলে টাকাসহ ব্যাগ দোকানের ভিতর রেখে অন্য পাশের সাটার খুলতে যায়। কিন্তু আসামি রুবেল একটি সাটারে আগে থেকেই তালার ভিতরে আঠা জাতীয় পদার্থ দিয়ে রাখে। এই জন্য ওই ব্যাবসায়ীর তালা খুলতে কিছুটা দেরি হয়। এই সুযোগে কৌশলে গামছা দিয়ে দোকান আড়াল করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় রুবেল শেখ।
ওসি আরও বলেন, পরে ওই ব্যাবসায়ী থানায় মামলা করলে আশেপাশের সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায় আসামির বাড়ি পাবনা জেলায়। পরবর্তীতে গোয়েন্দা সংস্থার তথ্য ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার বিকালে ঢাকার আশুলিয়া জিরোরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামি স্বীকার করে সে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন জেলায় এসব কার্যক্রম পরিচালনা করে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।
