
পাবনার ঈশ্বরদীতে আধা কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের অভাবে দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর ও মানিকনগর দুই গ্রামের সংযোগস্থল এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে জীর্ণদশা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়নগর মধ্যপাড়া (দাউদ ব্যাপারীর বাড়ি থেকে তিনশিমুলতলা) পর্যন্ত রাস্তাটি গত ৯ বছর আগে সংস্কার করা হয়। পরবর্তীতে রাস্তাটির স্থানে স্থানে ভেঙ্গে গেছে, পিচ উঠে গিয়ে গর্ত হয়ে গেছে। মাঝে মাঝেই গাড়ি উল্টে যাওয়ার খবর পাওয়া যায়। রাস্তাটি দিয়ে প্রতিদিন চলাচল করে ছোট বড় কয়েকশ যানবাহন।
স্থানীয় ভ্যান চালক মুকুল ইসলাম বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে কম করে হলেও ২০ বার যাওয়া আসা করি। ভ্যান নিয়ে অনেক কষ্টে যাওয়া আসা করতে হয়। অনেকদিন ধরে রাস্তাটি মেরামত হয় না। আমরা গরিব মানুষ ভ্যান চালিয়ে খেতে হয়। আমাদের কথা কেউ শুনে না। গত তিন চার মাস ধরে এই ভাঙ্গা রাস্তার জন্য ২ কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে চালাচল করতে হয়।
স্থানীয় ইউপি সদস্য আশাদুল হক জানান, এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারন মানুষ। রাস্তার মাঝে বেশ কিছু জায়গায় গর্তের সৃষ্টি হলেও রাস্তাটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। বর্ষাকালে রাস্তাটির যেসব জায়গায় গর্ত আছে পানি ভর্তি হয়ে থাকে। এতে করে চলাচল করা কষ্টদায়ক হয়ে পরে।
সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বলেন, সংস্কারের অভাবে রাস্তাটির জীর্ণদশা। রাস্তা দিয়ে যানবাহন এবং পথচারীদের চলাচল করা কষ্টদায়ক হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার জরুরী। রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি, তবে রাস্তা প্রসস্থকরনের জন্য সময় লাগবে।
উপজেলা প্রকৌশলী এনামুল কবির বলেন, বর্তমান বরাদ্দে সকল ইউনিয়নের নতুন রাস্তার কাজ চলছে। এ বছরে সংস্কার বাবদ অর্থ বরাদ্দ নেই। তবে রাস্তাটি যেহেতু জরাজীর্ণ অবস্থা আমরা দ্রুতই সংস্কারের চেষ্টা করবো।
