
ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহমেদ মনা (২৪) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনা উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের সৌদিপ্রবাসী তানজুর রহমান তুহিনের ছেলে, হাতকাটা টুনটুনির ছোট ভাই।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে মনা উপজেলার লক্ষ্মীকুণ্ডা গ্রামের এমপির মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মনাকে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় জানান, নিহত তাফসির আহমেদ মনা পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার পাবনা পোস্ট ডট কমকে বলেন বলেন, নিহত মনার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
