ঢাকাMonday , 5 January 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি:
শিক্ষার্থীদের আনন্দ, উচ্ছ্বাস ও অর্জনের স্বীকৃতির মধ্য দিয়ে নাটোরের লালপুরে শেষ হয়েছে ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় নর্থবেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা–এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী–এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ শিক্ষার্থীদের হাতে পুরস্কার, মেডেল ও সনদ তুলে দেন। এ সময় তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। পড়াশোনার সঙ্গে ক্রীড়াচর্চার সমন্বয়ই আগামী প্রজন্মকে সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে পারে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এবারের প্রতিযোগিতায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যাথলেটিকস, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবলসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা ও ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন অতিথিরা।

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!