
ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি!
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে আনন্দ-উচ্ছ্বাসে ভরে উঠেছে চারপাশ। পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। লালপুরের এম. আর উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবসটি উপলক্ষে উপজেলার মনিহাপুর-রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। চারদিকে ভেসে আসে “এসো হে বৈশাখ” গানের সুর, আর লাল-সাদা পোশাকে সজ্জিত মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজনের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং বৈশাখী মেলা। সকাল ১০টায় পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়, যা বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
বিকেলে নাচ, গান, কবিতা আবৃত্তি এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আলো ঝলমলে আয়োজনে দুই দিনব্যাপী এ উৎসব পরিণত হয় এক স্মরণীয় মিলনমেলায়।
