ঢাকাWednesday , 10 June 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে রাতের আঁধারে কৃষকের পেঁপে বাগান কেটে সাবাড়, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের পেঁপে বাগান কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কৃষকের প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পদ্মাচরের নওসারা সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন মোঃ সুজন আলী ও মোঃ নাজমুল আলী। তারা ওই এলাকার মোঃ নাজিম উদ্দীনের ছেলে।

বুধবার (১০ জুন) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানের প্রায় ৯০০ থেকে ১,০০০টি পেঁপে গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোর ফল মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আর কিছুদিন পরেই এসব পেঁপে বাজারজাত করার উপযোগী হয়ে উঠত বলে জানান স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের বড় ভাই রায়হান আলী বলেন, “ব্যাংক ঋণ ও ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে আমরা এই পেঁপে বাগান করেছি। দুর্বৃত্তরা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়ে আমাদের সর্বনাশ করে দিয়েছে। এতে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
তিনি আরও বলেন, “মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন? যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এ ধরনের ঘটনার শিকার না হন।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!