
লালপুর প্রতিনিধি!
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাটোরের লালপুর উপজেলার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—বিলমাড়ীয়া ইউনিয়নের বড়বাদকয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে নির্মাণশ্রমিক মাইদুল ইসলাম (২৬), তাঁর স্ত্রী বিউটি আক্তার (২৪) ও তাঁদের আট বছরের ছেলে মারুফ।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের কুড়িপাড়া এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তাঁরা গুরুতর দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনের মৃত্যু হয়।
একসঙ্গে পরিবারের তিন সদস্যকে হারিয়ে বড়বাদকয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
নিহতদের মরদেহ গ্রামের বাড়ি লালপুরে আনা ও দাফনের বিষয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তাঁর পক্ষ থেকে মরদেহ আনার জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং দাফন কার্যক্রমে সহযোগিতা দেওয়া হয়েছে।
নিহত মাইদুল ইসলামের ভাই জাহাঙ্গীর আলম জানান, পরিবারের এই কঠিন সময়ে প্রতিমন্ত্রী পাশে দাঁড়িয়ে মরদেহ বাড়িতে আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করেছেন।
বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীও।
