
লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বিলমাড়ীয়া লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। ইয়াং বয়েজের আয়োজনে রবিবার (১৬ আগস্ট) বিকেলে বিলমাড়ীয়া মহাবিদ্যালয় মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নওগাঁ জেলা ফুটবল একাদশ ও রাজবাড়ী জেলা ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রাজবাড়ী জেলা ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় নওগাঁ জেলা ফুটবল একাদশ।
উদ্বোধনী খেলাকে ঘিরে বিলমাড়ীয়া মহাবিদ্যালয় মাঠে নামে দর্শকদের ঢল। ম্যাচ শুরুর আগেই মাঠের চারপাশে ভিড় জমে ওঠে। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয়দের নিজস্ব উদ্যোগে তৈরি করা বাঁশ ও সুপারি গাছের অস্থায়ী গ্যালারি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী উপকরণ ব্যবহার করে তৈরি এই গ্যালারিতে বসে বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেন উদ্বোধনী ম্যাচ। আয়োজনের এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রামীণ ক্রীড়া ও লোকজ সংস্কৃতির চিত্রকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, শুধু বিনোদন নয়, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
