ঢাকাWednesday , 7 April 2021
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেলে সুযোগ পেলেন রিকশাচালকের যমজ ছেলে

Link Copied!

শেয়ার করুন...

মেডিকেলে সুযোগ পেলেন রিকশাচালকের যমজ ছেলে
মেডিকেলে চান্স পাওয়া অটোরিকশা চালক বাবার সাথে আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম। ছবি: যুগান্তর

এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এক অটোরিকশা চালকের যমজ দুই ছেলে।

তারা হচ্ছেন – কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামের অটোরিকসাচালক বিল্লাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম।

২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৮২২তম হয়ে আরিফ ময়মনসিংহ মেডিকেলে ও ১১৮৬তম হয়ে শরিফ চট্রগ্রাম মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

এ দুই মেধাবী শিক্ষার্থী বলেন, আমরা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। বাবার পরিশ্রম, মায়ের যত্ন আর শিক্ষকদের সহযোগিতায় আমাদের লেখাপড়ার সাহস যোগিয়েছে। আমরা সকলের দোয়া প্রার্থী।

জানা গেছে, এর আগে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে আরিফ ও শরিফ দুজনই জিপিএ -৫ পান। এলাকাবাসীর সহযোগিতায় ভর্তি হয় কুমিল্লা সরকারি সিটি কলেজে। সেখান থেকে এইচএসসিতেও দুজন জিপিএ-৫ পান। আরিফুল ইসলাম ও শরিফুল ইসলামের ছোট এক ভাই মাদরাসায় হিফ্জ বিভাগে ও ছোট বোন ৪র্থ শ্রেণীতে পড়ছে।

মেডিকেলের ফলাফল ঘোষণার পর ওই পরিবারজুড়ে আনন্দের অশ্রু দেখা গেলেও আবেগাপ্লুত বাবা-মা তাদের লেখাপড়ার খরচ চালানো নিয়ে শংকিত।

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া এ দুই মেধাবী ছাত্রের বাবা বিল্লাল হোসেন ছেলেদের এমন সাফল্যে আবেগাপ্লুত।

অদম্য ইচ্ছাশক্তিই তাদের সফলতার পথ দেখিয়েছে।

তিনি বলেন, আমি নিজে ইন্টারমিডিয়েট পাশ করেও সিএনজি চালাই। অর্থাভাবে আর পড়া হয়নি। আমার মতো ওদের লেখাপড়া যেন থেমে না যায় সেজন্য নিজে কষ্ট করছি। তাদের উচ্চশিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছেলেদের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে এখন প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!