
বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের লাগাম কষতে গত ২৭ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত দেশের ১ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার মানুষ করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন।
গণটিকাদান শুরুর পর বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩১৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৭৯৭ জন মানুষ। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন। এছাড়া টিকা নিতে বৃহস্পতিবার পর্যন্ত সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন ১ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৪৯৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৮৪৪ জন। এরমধ্যে ১ লাখ ৬১ হাজার ১৮২ জন পুরুষ ও ১ লাখ ১৮ হাজার ৬৬২ জন নারী রয়েছেন।
আর একদিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৭ হাজার ৩৮৬ জন। এরমধ্যে ১৬ হাজার ৭৩০ জন পুরুষ। আর নারীর সংখ্যা ১০ হাজার ৬৫৬ জন। অর্থাৎ একদিনে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা নিয়েছেন ৩ লাখ ৭ হাজার ২৩০ জন।
এ দিকে, গত ২৪ ঘণ্টায় সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৪৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ২৪৭ জন ও নারী ৮৪ হাজার ২০১ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৫৮২ জন।
একই সময়ে চীনের তৈরি এই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৮৫৫ জন। এরমধ্যে ৭ হাজার ৩০৩ জন পুরুষ ও নারী রয়েছেন ৫ হাজার ৫৫২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৯২ হাজার ২৪৮ জন।
অন্যদিকে, একদিনে সারাদেশে মডার্নার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮৬ হাজার ৩৮৬ জন। এরমধ্যে পুরুষ ৫১ হাজার ৯২৯ জন ও নারী ৩৪ হাজার ৪৫৭ জন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১ হাজার ৮৯৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ হাজার ৬৬২ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৩৮৩ জন ও নারী ২৭৯ জন। এ নিয়ে ফাইজারের দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮ জন।
আর একদিনে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন ১০ জন। এরমধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। এ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকাগ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জন।
এ দিকে, গত ২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১২ হাজার ৮৬৯ জন। এরমধ্যে পুরুষ ৮ হাজার ৪৪ জন ও নারী ৪ হাজার ৮২৫ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের মোট টিকাগ্রহণকারীর সংখ্যা ৪৩ লাখ ৪৪ হাজার ২৩১ জন।
