নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-র প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও নির্বাহী প্রকৌশলীর দেওয়া ২০১ জন সাধারণ মানুষের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘সম্মিলিত নাগরিক জোট’।
আগের আন্দোলনে দেওয়া ৩ দিনের আল্টিমেটাম শেষে দাবি পূরণ না হওয়ায়, নাগরিক জোটের পক্ষ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ৬ নভেম্বর ) রাত ৮টার দিকে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় জোটের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ নভেম্বর ২০২৫ সোমবার ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জ্বালানি উপদেষ্টা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে। এরপর সেদিনই প্রতীকী অনশন কর্মসূচির সময় ঘোষণা করা হবে। পাশাপাশি পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা আয়োজনের কথাও জানানো হয়।
এসময় নেতারা জানান, দাবিগুলো দ্রুত মেনে না নিলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সব আন্দোলনই হবে শান্তিপূর্ণ।
সম্মিলিত নাগরিক জোটের সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সদস্য সচিব আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস. এম. রাজা, সাধারণ সম্পাদক এস. এম. ফজলুর রহমান, অধ্যাপক হাসানুজ্জামান, জাহিদুল আলম সনু, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, আতাউর রহমান পাতা, সেলিম আহমেদ, রিফাজ বিশ্বাস লালন, রেজাউল করিম ফেরদৌস, সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, সাইফুদ্দিন স্বপন, আহসান হাবিব, মোয়াজ বিন মাহমুদসহ অনেকে।
এ সভায় ঈশ্বরদীর প্রায় ২৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
