ঢাকাWednesday , 12 August 2026
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগকে নিয়োগের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

Link Copied!

শেয়ার করুন...

নাটোর প্রতিনিধি:
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরে পৃথকভাবে এ বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে দুই উপজেলার ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন তারা। একপর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজন ইউএনওর কক্ষে প্রবেশ করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের দাবি, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এদিকে, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচির ভিডিও ধারণ এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনটিভি অনলাইনের লালপুর ও বাগাতিপাড়া প্রতিনিধি সজিবুল ইসলাম এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলামকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বাগাতিপাড়া ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!