ঢাকাFriday , 4 September 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ১৫ শ্রমিকের বসবাস, মাঠজুড়ে পাট-পাটখড়ি

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি!
নাটোরের লালপুর উপজেলার পোকন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনে প্রায় ১৫ দিন ধরে বসবাস করছেন ১৫ জন কৃষিশ্রমিক। একই সঙ্গে বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে পাট ও পাটখড়ি শুকানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, নওগাঁ ও দিনাজপুর থেকে আসা শ্রমিকেরা বিদ্যালয়ের অব্যবহৃত পুরোনো ভবনের কক্ষগুলোতে থাকছেন। স্থানীয় কৃষক আবুল মাজমের জমিতে পাট কাটাসহ কৃষিকাজের জন্য তাঁদের আনা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের ভবনে শ্রমিকদের থাকার পাশাপাশি সেখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের ঘটনাও ঘটছে। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের নিয়োগদাতার পরিবারের বিরোধ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছেন আবুল মাজমের ছেলে রুদ্র।
রুদ্র জানান, শ্রমিক সংকটের কারণে বাইরে থেকে শ্রমিক আনা হয়েছে। বাড়িতে জায়গা না থাকায় বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে বলেও জানান তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদা খাতুন বলেন, মাঠে পাটখড়ি শুকাতে নিষেধ করা হলেও তাঁরা তা মানেননি। পুরোনো ভবনের কক্ষ ব্যবহারের জন্য স্থানীয় কয়েকজন চাবি চাইলে দেওয়া হয়েছিল। এটি তাঁর ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ, বিদ্যুৎ ও মাঠ অন্য কারও ব্যবহারের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!