
লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে সার মজুদ করার অভিযোগে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযানে চার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবির হোসেন। সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।
অভিযানে সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের কাছে সারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ভোগান্তিতে ফেলার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
অভিযানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং লালপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন
