
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করন, র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই ) সকাল ১০টায় উপজেলা চত্বরের এক পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।
পোনা অবমুক্ত করণ শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ,পরে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহাম্মেদ কিরণ, বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত মৎস্য চাষি হাবিবুর রহমান হাবিব, সিদ্দিকুর রহমান, ময়েজ সহ স্থানীয় মৎস্য খামারিরা।
এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে জানা যায়, বর্তমানে ঈশ্বরদী উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৬ হাজার ৩৮৩ মেট্রিক টন, এ উপজেলায় উৎপাদন হচ্ছে ৬ হাজার ৬৪৩ মেট্রিক টন। যা ঈশ্বরদীর চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করা সম্ভব হচ্ছে।
