ঢাকাSunday , 26 October 2025
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বাঁশবোঝাই ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থী ও অটোভ্যান চালক নি/হত

পাবনা পোষ্ট
October 26, 2025 12:04 pm
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থী ও এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার ভ্যানচালক আকরাম আলী (৫৬), স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তাসনিয়া (১৩), তিনি গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার শামসুল মোল্লার মেয়ে, এবং নুর মোহাম্মদ তোহা (১৩), তিনি পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে। আহতদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে নিহত দুই শিক্ষার্থীসহ কয়েকজন ছাত্রছাত্রী অটোভ্যানে করে যাচ্ছিলেন। অটোভ্যানটি বাঙ্গাবাড়িয়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনাগামী একটি বাঁশবোঝাই ট্রাক সেখানে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারান। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক আকরাম আলী এবং দুই স্কুলশিক্ষার্থী তাসনিয়া ও তোহা নিহত হন।

দুর্ঘটনায় আহত আরও দুজনকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মাধবপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি মুস্তাফিজুর রহমান) বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, সকালবেলা মহাসড়কটিতে ভারী যানবাহনের চাপ বেশি থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। এলাকাবাসীর দাবি, বাঙ্গাবাড়িয়া মোড়ে গতিসীমা নিয়ন্ত্রণ ও স্কুলশিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন।

দুর্ঘটনায় নিহত তিনজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয়রা ফুল দিয়ে নিহতদের স্মরণ করছেন এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!