
পাবনার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রী কলেজ সংলগ্ন স্থানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। প্রথম ধাপে ভবনের একতলা নির্মাণের কাজ শুরু হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। এছাড়াও সুলভ মালিথা, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইউএনও মোঃ মনিরুজ্জামান বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবে।
এছাড়াও অন্যান্যরা বলেন, ভবনটির কাজ সম্পন্ন হলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীরা উন্নত সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন শেষে মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহাবুব আলম বুলবুল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
