ঢাকাFriday , 17 October 2025
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী ফায়ার সার্ভিসে চলছে নাম্বার সম্বলিত দানের টেলিফোন, সমালোচনার ঝড়

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে সম্প্রতি একটি ল্যান্ডফোন উপহার দিয়েছে নতুন প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক অন্য দেশ। কিন্তু এই উদ্যোগকে কেন্দ্র করে দেখা দিয়েছে নানা সমালোচনার ঝড় ।

জানা গেছে, ফায়ার সার্ভিসের সচল ল্যান্ডফোন থাকা সত্ত্বেও নতুন করে উপহার নেওয়ার ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। তাছাড়া উপহার দেওয়া ফোনটিতে ওই পত্রিকার নাম ও প্রকাশক–সম্পাদকের ব্যক্তিগত নাম্বার লেখা থাকায় আরও বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, সরকারি সেবাদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে টেলিফোন চালু রাখা ও মেরামতের দায়িত্ব রাষ্ট্রের। সেখানে বাইরের কারও উপহার নির্ভর হয়ে পড়া মানে প্রতিষ্ঠানটির সীমাবদ্ধতা প্রকাশ পাওয়া। বিশেষ করে কোনো চা–ব্যবসায়ী নিজের ব্যবসা রক্ষার কৌশল হিসেবে অনলাইন পোর্টাল খুলে সম্পাদক দাবি করছেন এবং সেই পরিচয়ে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে নিজের প্রচারণা চালাচ্ছেন এটিকে অনেকেই ‘সামাজিক দায়বদ্ধতা নয়, বরং স্বার্থের প্রচার’ হিসেবে দেখছেন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, আগের ল্যান্ডফোনও সচল ছিল, তবে মাঝে মধ্যে সমস্যা করত। দফতরে চাহিদা দিলেও টাকা পাওয়া যায় না। তিনি আরও জানান, প্রয়োজনীয় গাড়ির যন্ত্রাংশ পর্যন্ত বেশিরভাগ নিজের পকেটের টাকা দিয়ে কিনতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট দফতর রয়েছে। সেখানে প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাজেট বরাদ্দের মাধ্যমে পূরণ করা হয়। তবে কিছু কর্মকর্তা অতিরিক্ত উৎসাহে স্থানীয়দের উপহার সামগ্রী গ্রহণ করেন, যা কোনোভাবেই কাম্য নয়।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ফায়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সচল রাখতে যদি কর্তৃপক্ষই প্রয়োজনীয় বরাদ্দ না দেয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে?

স্থানীয় সচেতন মহল বলছে, সেবার মান বাড়ানোর অজুহাতে ব্যক্তিগত স্বার্থে সংবাদমাধ্যমের নামে প্রচার চালানো ঠিক নয়। বরং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, ফায়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে যথাযথভাবে সহায়তা দেওয়া, যাতে জনগণকে বেসরকারি অনুদান বা ব্যক্তিগত উদ্যোগের ওপর নির্ভর করতে না হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!