ঢাকাMonday , 14 September 2026
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসা ও আবেগে ঝর্ণা ইয়াসমিনকে বিদায়

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি :
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন নাটোরের লালপুর উপজেলার ৩৩ নং বিলমাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা ইয়াসমিন। তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় স্মৃতি, ভালোবাসা ও আবেগঘন এক মিলনমেলায়। প্রিয় শিক্ষকের বিদায়ে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও উপস্থিত অতিথিদের মাঝে নেমে আসে বিষণ্নতার আবহ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মনজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা শিক্ষা অফিসার মোছাম্মৎ নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার লুৎফর রহমান, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই নান্নু, বিশিষ্ট সমাজসেবক আনেজ উদ্দিন এবং লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন।
এ সময় সাবেক প্রধান শিক্ষক আক্কাস আলী, লালপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. তাইয়েজুল ইসলাম, বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সাইফীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখান এবং মানুষ হওয়ার পথ দেখান। দীর্ঘ কর্মজীবনে ঝর্ণা ইয়াসমিন নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলেছেন। তাঁর মমত্ববোধ ও কর্মনিষ্ঠা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিদায় বক্তব্যে ঝর্ণা ইয়াসমিন তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!