
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে খানিকটা দাপট চলছে বৃষ্টির। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবারও (৬ আগস্ট) দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল শনিবার (৭ আগস্ট) থেকে বৃষ্টিপাতের দাপট বাড়তে থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারও একই আবহাওয়া বজায় থাকবে। আর শনিবার থেকে ক্রমাগত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। এছাড়া আগামী রবিবার (৮ আগস্ট) থেকে অঝোর ধারার মতো বৃষ্টি নামবে। যা ক্রমান্বয়ে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এ দিকে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় এর মাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে, ৫৭ মিলিমিটার। একই সময় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীসহ এর আশপাশের জেলায় রাতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি হয়েছে। সারারাত থেমে থেমে এ বৃষ্টিপাত অব্যাহত ছিল। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে। এ দিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বেশকিছু বজ্রপাতের ঘটনাও ঘটে। তবে এসব বজ্রপাতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর বলছে, মূলত দেশের মধ্যাঞ্চলে টানা কয়েকদিন রোদের কারণে তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে ওই এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। সে কারণে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে।
