ঢাকাFriday , 3 April 2026
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে অনিরাপদ সড়কের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে অনিরাপদ সড়ক ব্যবস্থাপনা থেকে মুক্তি ও সড়ক দুর্ঘটনা রোধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ) দুপুরে ঈশ্বরদী- বানেশ্বর  আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া হাজির মোড় সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহা-সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বেপরোয়া গতিতে যানবাহন চলাচল, অদক্ষ চালক এবং সড়কের অব্যবস্থাপনার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ।
সম্প্রতি ২৩ মার্চ সকালে বিমানবন্দর রোডের স্কুলপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার নুরুজ্জামান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার এই মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদেই স্থানীয়রা এই কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে জনবহুল এলাকায় গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপন, বেপরোয়া যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, “নুরুজ্জামান ভাইয়ের মতো আর কোনো প্রাণ যেন এই মরণফাঁদে ঝরে না যায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।” তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম স্বজল, ইন্টু মল্লিক, সাদিকুল ইসলাম রাসেল, আশেকুল ইসলাম পিয়াস, মেহেদী হাসান মিরাজ, জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক হাসান আলী, স্কুলপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ওমর ফারুক প্রমুখ। কর্মসূচিটি সঞ্চালনা করেন মাসুম পারভেজ কল্লোল।
শেষে নিরাপদ সড়কের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!