
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। খুলনা-সাতক্ষীরায় অবস্থান করা স্থল নিম্নচাপের ফলে বৃষ্টির এই দাপট চলছে। তবে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে এটি এখন ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (৩১ জুলাই) থেকে কমতে পারে চলমান বৃষ্টির দাপট।
তবে বাংলাদেশের স্থলভাগে এর প্রভাব পুরোপুরি কাটতে আরও কিছুটা সময় লাগবে। কাজেই শুক্রবারও (৩০ জুলাই) চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। একই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে শুক্রবারও ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান গণমাধ্যমকে জানান, স্থল নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে। তাই আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
এ দিক, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। এই সময়ের মাঝে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আরও পড়ুন : সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা ঢাকায়
এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, সেখানে ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
